নিমপাতার ঔষধি যত গুণ
- ডা. আলমগীর মতি
নিম একটি ঔষধি গাছ। এ গাছের ডাল, ছাল ও পাতা খুব উপকারী। অনেক সময় বুকে কফ জমে বুকব্যথা করে। এ জন্য ৩০ ফোঁটা নিমপাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে দিনে ৩-৪ বার পান করলে বুকব্যথা কমে আসে। তবে গর্ভবতী, শিশু ও বৃদ্ধদের জন্য এ ওষুধটি নিষেধ। পেটে কৃমি হলে শিশুরা রোগাক্রান্ত হয়ে যায়। চেহারা হয়ে যায় ফ্যাকাসে। এ জন্য ৫০ মিলিগ্রাম নিমগাছের মূলের ছালের গুঁড়ো দিনে তিনবার সামান্য গরম পানিসহ পান করতে হবে। শুধু তা-ই নয়, উকুন দূর করতেও নিমপাতার সহায়তা নিতে পারেন। নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগান। ঘণ্টাখানেক পর মাথা ধুয়ে ফেলুন। ২-৩ দিন এভাবে লাগালে উকুন মরে যাবে। পেটে দীর্ঘদিন ধরে অসুখ থাকলে বা পাতলা পায়খানা হলে ৩০ ফোঁটা নিমপাতার রস সিকি কাপ পানির সঙ্গে মিশিয়ে সকাল-বিকাল পান করলে উপকার পাওয়া যাবে। খোসপাঁচড়া দূর করতে নিমপাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েক দিন লাগালে চুলকানি দূর হয়। পোকামাকড় কামড়ালে বা হুল ফোটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ব্যথা উপশম হবে। দাঁতের রোগ দূর করতে নিমের পাতা ও ছালের গুঁড়ো কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত ব্রাশ করলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবে রোগ থেকে। ওষুধের কৃত্রিমতার ওপরে আছে প্রকৃতির অসাধারণ সব উপাদান, যেসবের একটু ব্যবহার করলেই প্রতিদিন আমাদের রাখবে সুস্থ ও সতেজ।
লেখক : বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন